পর্যায়ক্রমে ভর্তি কমিটির চেয়ারম্যান পরিবর্তন ও সকল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আসন বিন্যাস করা হলে বুয়েটের সঙ্গে গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষায় যেতে রাজি রাজশাহী, চট্টগ্রাম এবং খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।
বুধবার চার প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের উপস্থিতিতে অনুষ্ঠিত ভার্চুয়াল সভায় এই প্রস্তাব দেয়া হয়েছে।
বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সদস্য মোহাম্মদ আলমগীরের সভাপত্বিতে সভায় বুয়েটের প্রস্তাবনা অনুসারে প্রতি বছর কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা কমিটির চেয়ারম্যান বুয়েট থেকে নির্বাচন করার বিষয়ে দ্বিমত প্রকাশ করা হয়।
ইউজিসি সদস্য অধ্যাপক আলমগীর বলেন, শিগগিরই এইচএসসি পরীক্ষার ফলাফল প্রকাশিত হবে। ভর্তি পরীক্ষার পদ্ধতি নিয়ে শিক্ষার্থীরা উদ্বিগ্ন। এ বিষয়ে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ সবার জন্য মঙ্গলজনক। গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষায় সকল বিশ্ববিদ্যালয়কে তিনি উদারভাবে এগিয়ে আসার আহ্বান জানান।
এই প্রস্তাবের সংশোধনী এনে প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলোর ইংরেজি বানানের আদ্যক্ষর দিয়ে পর্যায়ক্রমে কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা কমিটির চেয়ারম্যান এবং ভর্তি পরীক্ষা চার বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হওয়ার কথা জানিয়েছেন ওই তিনটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা।
এ দুটি বিষয়ে আগামী সপ্তাহে জরুরি একাডেমিক কাউন্সিলের সভা আহ্বান করে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে বলে জানিয়েছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. আব্দুল জব্বার খান।

সভায় রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. রফিকুল ইসলাম শেখ, চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ রফিকুল আলম, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. কাজী সাজ্জাদ উপস্থিত ছিলেন।
সভায় বুয়েটের উপ-উপাচার্য প্রফেসর জব্বার বলেন, ভর্তিচ্ছু শিক্ষার্থীদের দুর্ভোগ লাঘবে তারা এই পদ্ধতিতে যাচ্ছেন। বুয়েটের চলমান ভর্তি পরীক্ষা পদ্ধতি নিয়ে কোন ধরনের প্রশ্ন নেই। গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষায় কোন ধরনের বিপর্যয় যাতে না ঘটে, সেদিকে আমরা সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছি।
ইউজিসির জনসংযোগ ও তথ্য অধিকার বিভাগের পরিচালক ড. শামসুল আরেফিন, পাবলিক বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট বিভাগের পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মোহাম্মদ জামিনুর রহমান এবং বুয়েটের তিনজন অধ্যাপক অংশগ্রহণ করেন।